আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘গাজীপুর আওয়ামী লীগ দেশের মডেল আওয়ামী লীগ। এখান থেকে বিজয়ের ঢেউ দেশের সব নির্বাচনে লাগবে। যারা মানুষ পুড়িয়ে মারে যারা শহীদ আহসান উল্লাহ মাষ্টারকে হত্যা করে, তাদের ভোট পাওয়ার অধিকার নাই। আপনারা আগামী ২৬ জুন নির্বাচনে নৌকাকে বিজয়ী করুন। জাহাঙ্গীরকে পরিচালনা করবেন জননেত্রী শেখ হাসিনা। গাজীপুরের উন্নয়ন করবেন শেখ হাসিনা।’

বুধবার গাজীপুর মহানগরের ৫১ নম্বর ওয়ার্ডের সাতাইশ স্কুল মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মোঃ আলী মিয়ার সভাপতিত্বে গাজীপুর মহানগর আওয়মীলীগের সভাপতি মোঃ আজমত উল্লা খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। আজমত উল্লাহ খান আগামী ২৬ জুন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জাহাঙ্গীর আলমকে জয়জুক্ত করার আহ্বান জানান।

বুধবার আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম ১৫, ৫১ ও ৫২ নম্বর ওয়ার্ডে পৃথক ৩টি ইফতার মাহফিলে আলোচনা করেন। পরে সাতাইশ স্কুলে ইফতার করেন। তিনি উপস্থিত মুসল্লিদের কাছে আগামী নির্বাচনে দোয়া সহযোগীতা ও ভোট চান।

অপরদিকে ১৫ নম্বর ওয়ার্ড মধ্য ভোগড়া স্কুল মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক বলেন, ‘আমাদের মেয়র প্রার্থী জাহাঙ্গীর তরুণ বয়স থেকে ব্যক্তি উদ্যোগেই সমাজ সেবা মূলক কাজে নিয়োজত আছেন।

সরকারী দায়িত্বশীল পদ গাজীপুর সিটির মেয়র নির্বাচিত হলে তিনি আরও বেশী সেবামূলক কাজ করবেন বলে তিনি বিশ্বাস করেন। জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসাবে মেয়র নির্বাচিত হলে জাহাঙ্গীর খুব সহজেই সরকারের সহযোগীতায় অনেক বেশী উন্নয়নমূলক কাজ করতে পারবেন। তিনি আগামী ২৬ জুন নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে জাহাঙ্গীরকে মেয়র নির্বাচিত করার আহ্বান জানান।

এসময় অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, মোঃ হাফিজুর রহমান, ফিরোজ খান, মোঃ বিল্লাল হোসেন, মোঃ ফারুক মাষ্টার, মজিবুর রহমান খান, মাসুম বিল্লাহ বিপ্লব, সুফিয়া কাদের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।