বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাস্তবতা হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন কারাগারে। আমাদের সামনে এখন আন্দোলন ছাড়া আর কোন পথ নেই। সরকারের শেষ বছরে এসে যেই বাজেট তারা পেশ করেছে, সেটি একটি দুর্নীতির বাজেট। এই বাজেট গরিব মারার বাজেট, লুটপাটের বাজেট।
আগামী নির্বাচনের আগে যে কয়মাস সময় রয়েছে, সেই সময়ে যাতে তারা দেশের সম্পদ লুটপাট করতে পারে সেজন্যই এই বাজেট দেয়া হয়েছে। এই বাজেট বিএনপির প্রত্যাখ্যান করেছে।
আজ শুক্রবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় লস্করদিয়া আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার পূর্ব আলোচনা সভায় শামা ওবায়েদ একথা বলেন।
শামা ওবায়েদ বলেন, দলের মধ্যে যারা ঘাপটি মেরে রয়েছে, যারা দলের সাথে বেঈমানি করেছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। এই সময় নিজেদেরকে যারা জিয়ার সৈনিক হিসেবে দাবি করেন তাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশে আগামী দিনে যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদের সকলকে আন্দোলনে শামিল হতে হবে।
শামা ওবায়েদ বলেন, আমাদের সামনে আন্দোলন ছাড়া অন্য কোন বিকল্প পথ নেই। গণতন্ত্রকে পুনপ্রতিষ্ঠিত করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে এই জালিম সরকারকে বিতাড়িত করতে হবে। ধানের শীষের সরকার প্রতিষ্ঠা করতে পারলেই দেশে শান্তি ফিরে আসবে।
নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান বুলুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি শহীদ পারভেজ, সিনিয়র যুগ্ন সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, কোতয়ালী থানা বিএনপির সভাপতি রউফউননবী, সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হাফিজ, নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জাহাঙ্গির হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।





