কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম শ্রেণীর পৌরসভা বসুরহাট পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের ৫৬ কোটি ৩১ লাখ ৬০ হাজার ৪৭৮ টাকার বাজেট উপস্থাপন করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়। এতে রাজস্ব আয় ধরা হয় ৮ কোটি ৯১ লাখ ৮৯ হাজার টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয় ৮ কোটি ৮৯ লাখ ৫৭ হাজার ৭২ টাকা।
বাজেট বক্তব্যে মেয়র আবদুল কাদের মির্জা বলেন, প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান, গরিব ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ ও বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপনে অর্থ বরাদ্দ দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান বাদল, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, নোয়াখালী জেলা পষিদের সদস্য আকরাম উদ্দিন চৌধুরী সবুজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি রেয়াজুল হক লিটন প্রমুখ।