গাজীপুরে সাংবাদিক পরিচয়ে খাবার হোটেলে টাকা দাবী করায় এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার তারাইল থানার ধলা গ্রামের প্রলাপ কুমার পালের স্ত্রী শুভ্রা বিশ্বাস (৪২) (কালের দহন), পিরোজপুর জেলার পশ্চিম রাজপাড়া এলাকার এমএ হাফিজের ছেলে মো. সুমন হোসেন(২৬) (অপরাধ সন্ধানে), লালমনিরহাটের থানাপাড়া এলাকার ডা. আনছার আলীর ছেলে মো. মাহবুব আনছারী (৪৫) (প্রথম বার্তা) এবং দিনাজপুরের কোতোয়ালী থানার সুন্দরবন এলাকার রইসুল আলমের ছেলে মো. মিজানুর রহমান (৪০) (বর্তমান বাংলাদেশ ২৪ ডটকম)।

জয়দেবপুর থানার এসআই আব্দুল মোত্তালিব জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের বাদে কলমেশ্বর গণি রোডের ভূষির মিল এলাকার মনির হোটেল নামের একটি খাবারের রেস্টুরেন্টে একটি চক্রের নারীসহ ৪/৫জন সদস্য যায়। এসময় তারা নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দেয় এবং প্রশাসন ও অফিস এ্যাসাইনম্যান্টের মিথ্যা কথা বলে হোটেলের নানা দোষ-ত্রুটি বের করে। এরপর তারা বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে হেনস্তা করতে থাকে।

এক পর্যায়ে তারা হোটেলের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ার কথা বলে ২০ হাজার টাকা দাবী করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় এক সাংবাদিক পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এক নারীসহ ওই চারজনকে আটক করে। তাদের কাছ থেকে ক্যামেরা, বিভিন্ন পত্রিকা ও অনলাইন সংবাদ মাধ্যমের পরিচয়পত্র, কয়েকটি পত্রিকা, ব্যাগ ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হোটেল মালিক মনির হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।