গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোট মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, নির্বাচন কমিশনের জন্য অগ্নিপরীক্ষা ‘গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন’। এই নির্বাচনে কারচুপি হলে নির্বাচন কমিশনের লেজে আগুন লেগে যাবে। যে আগুন সারা দেশে ছড়িয়ে পড়বে।

তিনি বলেন, দেশরক্ষায় একাত্তরে সর্বপ্রথম ২৪ মার্চ দেশীয় বন্দুক নিয়েই তুরাগ তীরে পাক বাহিনীকে মোকাবেলা করার চেষ্টা করেছিলাম। সর্বশেষ ১৪ ডিসেম্বর ছয়দানা মালেকের বাড়ির সম্মুখ সমরে গ্রেনেডের মাধ্যমে পাক বাহিনীকে ধরাশায়ী করি। এবার শেষ বয়সে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় লাঠি নিয়ে আরেকটি যুদ্ধে নেমেছি। এই যুদ্ধে ইনশাআল্লাহ জয়ী হবই।

হাসান উদ্দিন সরকার গতকাল রোববার টঙ্গীর আরিচপুর মধুমিতা রোডে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সালাহ উদ্দিন সরকার। ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহিম খান কালার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটুর সঞ্চালনায় ইফতার মাহফিলে আরো বক্তব্য দেন, টঙ্গী থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন ফারুক, সাবেক টঙ্গী পৌর কমিশনার আব্দুল মালেক, ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী গাজী আমান, বেলায়েত হোসেন, গাজী সালাহ উদ্দিন, ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহবুবুল আলম, রমজান হোসেন বিল্লাল, জাবেদ মাহমুদ, শেখ মো. আসলাম, শাহ আলম, সালাহ উদ্দিন মোড়ল, আবুল কালাম আজাদ প্রমুখ।

হাসান সরকার আরো বলেন, গাজীপুরে ধানের শীষের জোয়ার ঠেকাতে আওয়ামীলীগ একটি কৌশল নিয়েছিল। আমি উচ্চ আদালতের আশ্রয় নেওয়ায় আওয়ামীলীগ সেই কৌশলে মার খেয়েছে; আমি তাদের কৌশলে জয়লাভ করেছি। তিনি বলেন, জনগণ আওয়ামীলীগের চালাকি বুঝে গেছে। আওয়ামীলীগের আর কোন কৌশলই কাজে আসবে না। সুষ্ঠু ভোট হলে এবং ভোটাররা নির্ভিগ্নে কেন্দ্রে যেতে পারলে ২৬ জুন আমাদের বিজয় সুনিশ্চিত।

তিনি আরো বলেন, বেগম জিয়া আওয়ামীলীগের সমঝোতার প্রস্তাবে রাজি হলে তিনি একদিনেই মুক্তি পেতে পারেন। কিন্তু তিনি জীবন দিবেন; তবও দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোন শর্তে রাজি হবেন না।