ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে জামায়াতের ৪৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সোনামই গ্রামের কয়াল জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের ভাঙ্গা থানায় নিয়ে আসা হয়েছে।
জানা গেছে, আটকৃতদের মধ্যে ফরিদপুরের আঞ্চলিক দ্বায়িত্বশীল নেতা ও সাবেক জেলা আমীর মো: দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমীর ও ভাঙ্গা উপজেলার ভাইস চেয়ারম্যান সরোয়ার হোসেন ও চান্দ্রা ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ আলী রয়েছেন।
ভাঙ্গা থানার ওসি (তদন্ত) জানান, আটককৃতরা জামায়াতের সক্রিয় সদস্য। তারা গোপন বৈঠকে মিলিত হওয়ার সময় পুলিশ তাদের আটক করেছে। কি কারণে তারা সেখানে জড়ো হয়েছিলো সেটি খতিয়ে দেখা হচ্ছে।
জেলা জামায়াতের একজন দ্বায়িত্বশীল নেতা জানান, ঈদ পুনর্মিলনীর জন্য তারা সেখানে সমবেত হয়েছিলেন।





