যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সরকারি চাকরিজীবী চন্দন কুমার রায় নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শহরের টিবি ক্লিনিক এলাকার ভবতোষ ঘোষের ছেলে। এছাড়া তিনি কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইনান্সের অডিটর হিসেবে খুলনার গ্যারিশন ইঞ্জিনিয়ার (বিমান) কর্মরত ছিলেন।
তার ভাগ্নে জয়ন্ত কুমার ঘোষ জানান, চন্দন কুমার রায় ঢাকা থেকে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে যশোরে আসেন। রিকশাযোগে তিনি বাড়ি ফেরার পথে শহরের রেলরোড আদ-দ্বীন হাসপাতালের সামনে পৌঁছলে ছিনতাইকারী তাকে গতিরোধ করে উপর্যুপরিভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
কোতয়ালী থানার ওসি (তদন্ত) আবুল বাসার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকারীদের আটকের অভিযান চলছে।





