গোপালগঞ্জের মুকসুদপুরে মিথ্যা মামলা দিয়ে কুয়েত প্রবাসীর ঘরবাড়ি জমিজমা দখলের পায়তারার অভিযোগ করা হয়েছে। বুধবার দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবে প্রবাসীর স্ত্রী শারমিন সুলতানা সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেছেন।
লিখিত বক্তব্যে ওই শারমিন বলেন, আমার স্বামী মাহবুবুর রহমান কুয়েত প্রবাসী। তার কষ্টার্জিত অর্থ দিয়ে আমি ২০০৬ সালে মুকসুদপুর উপজেলা সদরের বদিয়ার শেখের কাছ থেকে কমলাপুর মৌজার ১২.১৩ শতাংশ জমি ক্রয় করি। ২০১২ সালে মুকসুদপুর পৌরসভা থেকে নকশা অনুমোদন করে একটি দ্বিতল ভবন নির্মাণ করে একমাত্র কন্যা সন্তানকে নিয়ে বসবাস করছি।
তিনি বলেন, ভূমিদস্যু আজিজুর রহমান সেলিম শরীফ বাড়ি ভাড়া নেয়ার অজু হাতে একাধিক বার আমার বাড়িতে এসে কুপ্রস্তাব দিয়েছে। তার স্বভাব চরিত্র খারাপ, একাধিক বিয়ে রয়েছে। এছাড়া সে বিরোধপূর্ন জায়গা জমি ক্রয় করে ঝামেলা করে। এ কারণে আমি তাকে বাড়ি ভাড়া দেয়নি। এতে ক্ষিপ্ত হয়ে সেলিম শরীফ আমাকে দেখে নেয়ার হুমকি দেন।
আমাকে উত্ত্যক্ত ও হয়রানী করতে আমার প্রতিবেশী আঃ সাত্তারের কাছ থেকে ১.৭০ শতাংশ জমি ক্রয় করে। পরে সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার জায়গার দেয়াল ভেঙ্গে জোর করে রাস্তা নেয়ার চেষ্টা করে। পরে প্রতিবেশিরা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে বিভিন্নভাবে আমাদের বাড়িঘর ভিটেমাটি দখলের পায়তারা করে সেলিম শরীফ ব্যর্থ হয়ে আমি, আমার স্বামী, দুলাভই রিপন সহ আত্মীয় স্বজনদের নামে মিথ্যা চাদাবাজি মামলা করেছে।