মাদককে পরিবার, সমাজ ও জাতির শত্রু বলে আখ্যায়িত করে এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

তিনি বলেন, মাদক জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। একবার কেউ মাদকের নেশায় পড়লে এর থেকে বেড়িয়ে আশা অসম্ভব হয়ে যায়। তাই সিংড়া পৌরসভাকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধ পরিকর।

বুধবার সিংড়া বাসষ্ট্যান্ড গরুহাট মাঠে স্থানীয় মাদক নির্মূল কমিটির আয়োজনে মাদক বিরোধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে মেয়র সিংড়া পৌরসভার বাসস্টান্ড এলাকাকে মাদকমুক্ত ঘোষণা করেন।

সমাবেশে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মাদকের সাথে কোন আপোষ নেই। সিংড়াকে মাদকমুক্ত করতে সিংড়া থানা ও পৌর পরিষদ যৌথ অভিযানে নেমেছে। প্রতিটি মহল্লার মাদকসেবী ও বিক্রেতার তালিকা তৈরি করা হচ্ছে। কোন নেতার ছেলে বা ভাই কাউকেই ছাড় দেয়া হবে না।

সমাবেশে আরো বক্তব্য রাখেন তদন্ত ওসি নেয়ামুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি সাখাওয়াত হোসেন, মাদক নির্মূল কমিটির সভাপতি খন্দকার হাসান আলী, সাবেক কাউন্সিলর ও ৬নং ওয়ার্ড আ’লীগ সভাপতি লাবু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন, মাদক নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মামুন সরদার প্রমূখ।