গোপালগঞ্জে বাস চাপায় মোটর সাইকেলের ২ অরোহী নিহত হয়েছে। এ সময় বাস ও ভ্যানের আরো ১০ জন যাত্রী আহত হয়েছে।
শনিবার সকাল ৮ টার দিকে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) গোপালগঞ্জ অফিসের অফিস রেজিষ্ট্রার ইমরান হোসেন (৩৮), মাঠ কর্মকর্তা পুলক ব্যাপারী (৩৪)।
গুরুতর আহত রিকের গোপালগঞ্জ অফিসের ম্যানেজার রুবেল ফকির(৩৫) সহ ১০ জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) গোপালগঞ্জ অফিসের হিসাব রক্ষক সাইফুল ইসলাম ওই দুই জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ঈদের ছুটি শেষে ম্যানেজার রুবেল ফকির, মাঠ অফিসার ও অফিস রেজিষ্ট্রার অফিসের কাজে যোগ দিতে একটি মোটর সাইকেলে করে পিরোজপুর থেকে গোপালগঞ্জ আসছিলেন। তাদের বাড়ি পিরোজপুরে।

গোপালগঞ্জ সদর থানার এস.আই শওকত হোসেন জানান, বাগেরহাট থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী একটি লোকালবাস (নং গোপালগঞ্জ জ ০৫-০০৭) নিয়ন্ত্রণ হারিয়ে ঘোনাপাড়ায় একটি মোটর সাইকলেকে চাপা দিলে মোটর সাইকেলের দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত হন মোটরসাইকেলের অপর আরোহী।

পরে বাসটি বেপরোয়া গতিতে ওই স্থানে দাঁড়িয়ে থাকা একটি ভ্যান ও অপর একটি বাসকে ধাক্কা দিয়ে দ্রুত গোপালগঞ্জে যাওয়ার সময় সড়কের আইল্যান্ডে উঠে পড়ে। এতে বাস ও ভ্যানের ১০ যাত্রী আহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সড়ক থেকে বাস দুটি অপসারণ করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ নিহত দুইজনের লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।