সিরাজগঞ্জে বাস ও পিকাপের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো পাবনা সদরের রাঘবপুরা গ্রামের ইউনুস আলীর ছেলে ও বাসের সুপারভাইজার শাহিন (৪০), অপরজন বাসের যাত্রী রেজাউল (৪৬) পাবনার শিমুলিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর কাদির জিলানী জানান, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিণচড়া নামক স্থানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ঢাকাগামী আর পি পরিবহনের একটি কোচের সাথে বিপরীতমুখী পিকাপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যায়। এতে পিকাপ ও বাস যাত্রীদের ১২ জন আহত হয়। আহত সাতজনের পরিচয় হলো চাঁপাইনবাবগঞ্জের আনোয়ারুল ইসলাম, তরিকুল ইসলাম, অব্দুল্লাহ, কাওছার আহমেদ, আব্দুর রহমান, কুড়িগ্রামের ওসমান গণি ও রাজশাহীর বিকাশ চন্দ্র।









