ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে ঢাকাবাসী। স্কুল-কলেজ, অফিস আদালত খুলেছে। আবার সেই কর্মব্যস্ত দিন, অফিসের ব্যস্ততা শুরু। আবারো স্বরূপে ফিরছে রাজধানী। গতকাল সপ্তাহের প্রথম দিন সকালে ও বিকেলে অনেক সড়কে সৃষ্টি হয় যানজটের।
গত ১৫ জুন থেকে শুরু হয় ঈদের ছুটি। তবে আরো কয়েক দিন আগে থেকেই ঢাকা ছাড়তে শুরু করে রাজধানীবাসী। ১৭ জুন রোববার পর্যন্ত ছিল ঈদের ছুটি। এরপর বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস খুললেও মানুষের উপস্থিতি ছিল খুবই কম। অনেকে ছুটি বাড়িয়ে আরো কয়েক দিন গ্রামের বাড়িতে স্বজনদের সাথে কাটিয়ে এসেছেন। গত শনিবার পর্যন্ত রাজধানীতে ফিরতে থাকে মানুষ।
বাস টার্মিনাল, রেল স্টেশন, সদরঘাট সর্বত্রই মানুষের স্রোত দেখা যায়। এ কারণে গত রোববার সপ্তাহের প্রথম দিনে আবারো রাজধানীতে কর্মব্যস্ত মানুষের আনাগোনা বেড়ে যায়। স্কুল-কলেজ শুরু হয় পুরো দমে। অভিভাবকেরা সকালেই রিকশা-গাড়ি হাঁকিয়ে সন্তানকে নিয়ে যান শিক্ষাপ্রতিষ্ঠানে। অফিস-আদালতেও ভিড় বেড়েছে। হাটবাজারে আবারো ক্রেতা-বিক্রেতার সমাগম। গণপরিবহনগুলোতে গা ঠেসে দাঁড়িয়ে থাকার সেই পরিবেশ আবার ফিরে এসেছে। মূল সড়ক থেকে অলিগলি তাই সর্বত্রই যানজট সৃষ্টি হয় গতকাল





