টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দায়িত্ব পালন না করায় তার অপসারণ দাবি করেছেন উপজেলার ১৪ ইউনিয়নের চেয়ারম্যানরা।
অপসারণের দাবিতে সোমবার ঘাটাইল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক উন্নয়ন ও সমন্বয় সভা বর্জন করেন তারা। সভা বর্জনকারী চেয়ারম্যানদের পক্ষে আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মো. শাহজাহান বলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সেলিমা আখতার দীর্ঘ চার বছর যাবৎ ঘাটাইলে কর্মরত আাছেন। তার দায়িত্বকালীন সময়ে ঘাটাইল উপজেলার প্রাথমিক শিক্ষার মান নিম্নমুখী হয়ে পড়েছে। তিনি নিয়মিত অফিসেও আসেন না এবং বিদ্যালয় পরিদর্শনেও যান না।
শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন প্রকল্পের কাজও হচ্ছে না। ইতিমধ্যে তার কারণেই ৯ লাখ টাকার উন্নয়ন বরাদ্দ ফেরৎ গেছে। এ ছাড়াও তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে বহুবার জানানো হয়েছে। কিন্তু এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। তাই উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান তার অপসারনের দাবিতে হাজিরা খাতায় স্বাক্ষর না করে একযোগে সমন্বয় সভা বর্জন করেছেন।
ইউপি চেয়ারম্যানদের সমন্বয় সভা বর্জন প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা আহমেদ বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনে তারা সমন্বয় সভায় উপস্থিত হননি। প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হবে।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিমা আখতারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন।





