ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের সেনেরখিল গ্রামে স্কুল ছাত্রী বিবি আছমা শোভা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে সড়কে মানববন্ধনে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইসমাইল হোসেন সিরাজী, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল, বগাদানা ইউপি চেয়ারম্যান ক.খ.ম ইছহাক খোকন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়েজ উল্লাহ বক্তব্য রাখেন। বক্তারা হত্যাকান্ডে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় নিখোঁজের চার ঘন্টা পর পাশের বাড়ির পুকুর থেকে আছমা আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আছমা স্থানীয় মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। পরিবারের অভিযোগ, ধর্ষণের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।





