মোগরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ কেন্দ্রে মেয়র পদে সিল মারা ব্যালট সরবরাহ করার অভিযোগ এসেছে
মোগরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ কেন্দ্রে মেয়র পদে সিল মারা ব্যালট সরবরাহ করার অভিযোগ এসেছে

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে জোর করে ব্যালটে সিল মেরে বাক্সে ভরার চেষ্টা ও অনিয়মের ঘটনায় চারটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মিডিয়া সেলে দায়িত্বরত নির্বাচন কমিশনের সহকারী পরিচালক আশাদুল হক সাংবাদিকদের জানান, বেলা ২টা পর্যন্ত ‘নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের জন্য’ ৯৮ নম্বর, ৩৮৩ নম্বর, ৩৭২ নম্বর ও ৩৭৩ নম্বর কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখার খবর তারা পেয়েছেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে এ সিটির ৪২৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। ঘণ্টা তিনেক পর ৫১ নম্বর ওয়ার্ডের খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়ের দুটি কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়।

খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়-১ কেন্দ্রের (৩৭২ নম্বর কেন্দ্র) প্রিজাইডিং অফিসার মো. আমজাদ হোসেন বলেন, “কেন্দ্রে কিছু লোক জোর করে প্রবেশ করায় বেলা সাড়ে ১১টা থেকে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।”

পাশের কেন্দ্র খরতৈল মনসুর আলী আদর্শ বিদ্যালয়-২ (৩৭৩ নম্বর কেন্দ্র) এ অনিয়মের কারণে ভোট গ্রহণ বন্ধ রাখা হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা মাসুদুল হক।

তিনি বলেন, “দুটি কেন্দ্রে সাময়িকভাবে ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি ভালো হলে আবার শুরু হবে।”

৯৮ নম্বর কেন্দ্র গাজীপুরের ভোগড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়-১ (মূল ভবন) এর প্রিজাইডিং অফিসার ইবনে সালেহ মো. ফরহাদ বলেন, “কিছু লোকজন অতর্কিতে এসে ব্যালটে সিল মারা শুরু করে। তাই আমরা ভোটগ্রহণ স্থগিত রেখেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।”

পরিস্থিতি ‘নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়’ টঙ্গীর বড় দেওড়ার ডেফোডিলকিন্ডারগার্টেন-২ কেন্দ্রেও (৩৮৩ নম্বর কেন্দ্র) ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয় বলে নির্বাচনী কর্মকর্তারা জানান।

এদিকে ২৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম জয়দেবপুর মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা কেন্দ্র থেকে ধানের শীষের মেয়র প্রার্থী এবং বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ওই মাদ্রাসায় কেন্দ্র আছে মোট চারটি। বেলা ১১টার দিকে সেখানে বিএনপির প্রার্থীর পক্ষে কোনো পোলিং এজেন্ট পাওয়া যায়নি।