ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেছেন, আগামী ৬ মাসের মধ্যে ফরিদপুরকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছি। এজন্য জেলার সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক বলেন, আমরা যেনো সন্তানদেরকে পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার জন্য তাদেরকে রোবট বানিয়ে না ফেলি। তাদেরক বই পড়তে, খেলাধুলা ও সুস্থ্য বিনোদন চর্চার সময় করে দিতে পারি। এসময় তিনি ঐশির হাতে মাবাবা খুনের ঘটনা ঘটনা উল্লেখ করে বলেন, ঐশিকে প্রতিমাসে হাত খরচের জন্য ১ লাখ দেয়া হতো। এভাবেই ঐশিদের ধ্বংসের মুখে ঠেলা দেয়া হয়।
এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকবিরোধী আলোচনা সভা হয়। ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল হাসানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন- পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এরাদুল হক, জেলা আওয়ামী লীগ সভাপতি সুবল চন্দ্র সাহা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কার্তিক চন্দ্র চক্রবর্তী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপ-পরিচালক মো. রাকিবুজ্জামান প্রমুখ।
সভা শেষে ২৪ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।