সাভারে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে পরিবাররের পক্ষ থেকে। গতকাল মঙ্গলবার ওই শিক্ষার্থী স্থানীয় একটি বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয়। নিহত শিক্ষার্থীর নাম কল্যাণ সরকার হৃদয় (২০)। সে আশুলিয়ার দিয়াবাড়ী এলাকার রতন কুমার সরকারের ছেলে এবং সাভার কলেজের অনার্স প্রথম বর্ষের ইংরেজী বিভাগের শিক্ষার্থী ছিল।
কলেজ শিক্ষার্থীর মা রিতা রানী বিশ্বাস গত ২৫ জুন আশুলিয়া থানায় শিক্ষার্থীকে মারধরের ঘটনায় একটি মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২০ জুন কল্যাণ সরকার ও তার বন্ধুরা আশুলিয়ার সন্দীপ এলাকায় বেড়াতে যায়। পূর্ব শত্রুতার জের ধরে ওই কলেজ ছাত্রকে প্রকাশ্যে পিটিয়ে আহত করেন সন্দীপ এলাকার মরহুম আঃ লতিফের ছেলে আব্দুল কুদ্দুস (৪৫) ও আশুলিয়ার সন্দীপের মর্তূজের ছেলে রনিসহ (২০) সহযোগীরা । পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সাভার বাসস্ট্যান্ডের সুপার হসপিটাল লিঃ ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠায়।

এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওটি ইনচার্জ নাছির আহমেদ কলেজ ছাত্রের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে মাথায় গুরুতর আঘাতের কারনে সে মারা যেতে পারে।

সাভার কলেজের অধ্যক্ষ ইলিয়াস খান জানান, মেধাবী শিক্ষার্থী কল্যাণ সরকার হৃদয়ের হত্যা ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বুধবার এ ঘটনায় মানববন্ধন পালন করা হবে।