নওগাঁর পোরশায় পূর্বশত্রুতার জেরে এক দম্পতিকে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুরে ঘটনার সাথে সম্পৃক্ত দুই মূল হোতাকে আটক করেছে পুলিশ।
ভুক্তভোগী দম্পতি উপজেলার ঘাটনগর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাবু ও তার স্ত্রী সুলতানা বেগম। গত ১৫ জুন ওই গ্রামে এ নির্যাতনের ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, ওই গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে আমিনুর ইসলাম ও তার ভাই আনিছুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত ১৫ জুন দুপুরে গ্রামের আমিনুর ইসলামের নেতৃত্বে মহির উদ্দিন ও নাসরিন বেগমসহ ১২/১৫ জন নারী-পুরুষ বাবু ও তার স্ত্রী সুলতানাকে গাছের সাথে বেঁধে নির্মম নির্যাতন করে। এরপর ভুক্তভোগীরা জেলার মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। ভুক্তভোগীরা থানা পুলিশকে না জানিয়ে নওগাঁ আদালতে মামলা দায়ের করেন।
নির্যাতনের ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে প্রশাসনের নজরে আসে। এরপর থানা পুলিশ ওই গ্রামে গিয়ে বিষয়টি অবগত হয়। সেখান থেকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। গত বুধবার রাতে ভুক্তভোগী বাবু বাদী হয়ে ৩৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।
ঘাটনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বজলুর রশিদ বলেন, শুনেছি বাবু তার স্ত্রী সুলতানাকে দিয়ে এলাকায় অনৈতিক কার্যক্রম চালাত। এ নিয়ে এলাকাবাসীর সাথে দ্বন্দ্ব হয়। ঘটনাক্রমে এলাকাবাসীরা একত্রিত হয়ে স্বামী-স্ত্রীকে মারপিট করে। তবে এমন নির্মমভাবে নির্যাতন করা ঠিক হয়নি।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগীরা বিষয়টি থানায় না জানিয়ে আদালতে মামলা করেন। বিষয়টি জানার পর তাদের উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে ঘটনার মূল হোতাসহ দুই আসামিকে আটক করা হয়েছে।
তিনি আরো বলেন, মামলাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের ঘটনার মূল বিষয়টি জানা সম্ভব হবে।
আরো পড়ুন :
বাকেরগঞ্জে কিশোরকে গাছে বেঁধে নৃশংস নির্যাতন
বরিশাল ব্যুরো, ২২ মে ২০১৮
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামে গরুতে ক্ষেতের মুগ ডাল খাওয়াকে কেন্দ্র করে রশি দিয়ে গাছের সাথে স্কুল পড়ুয়া এক কিশোরের দুই হাত বেঁধে নৃশংস কায়দায় নির্যাতন করা হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিত কিশোর আরাফাত আকনের মা ফরিদা বেগম বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আউলিয়াপুর গ্রামের বাদল তালুকদারের গরুতে একই গ্রামের ইউনুস আকনের ক্ষেতের মুগ ডাল খায়। এসময় মুগ ডাল ক্ষেত থেকে আরাফাত আকন তাদের গরু তাড়িয়ে নিয়ে আসে। এনিয়ে শনিবার বিকেলে উভয়ের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। ওই ঘটনার জের ধরে বাদল তালুকদার ইউনুস আকনের নবম শ্রেণী পড়ুয়া শিশু পুত্র আরাফাত আকনকে (১৩) সন্ধ্যায় একাকি পেয়ে ধরে নিয়ে গাছের সাথে দুই হাত বেঁধে বর্বর কায়দায় নির্যাতন করে। খবর পেয়ে আরাফাতের মামা নয়ন খলিফা ভাগ্নেকে রক্ষা করতে এগিয়ে আসলে বাদল তালুকদার তাকেও পিটিয়ে আহত করে। পরবর্তীতে স্থানীয়রা আহত মামা, ভাগ্নেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে বাকেরগঞ্জ থানার ওসি মো: মাসুদুজ্জামান জানান, কিশোর আরাফাত আকনকে নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।









