খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী জোন এর উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান ২০১৮ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রকিব উদ্দিন খান বৃক্ষচারা রোপন ও স্থানীয়দের মাঝে গাছের চারা বিতরনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেঃ কর্নেল কাজী শামসের উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে খাগড়াছড়ি এসিও কমান্ডার লেঃ কর্নেল সর্দার আলী হায়দার, জোন উপ-অধিনায়ক মেজর মিজানুর রহমান, গুইমারা রিজিয়নের জিটুআই মেজর আশিকুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষন কান্তি দাস, মাটিরাঙ্গা পৌর মেয়র মোঃ শামসুল হক উপস্থিত ছিলেন।

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রকিব উদ্দিন বলেন, পাহাড়ে শান্তি-সম্প্রীতি রক্ষার পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই উল্লেখ করে তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে উপজেলার প্রত্যন্ত এলাকার হত-দরিদ্রদের মাঝে ২ শহস্রাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষুধি গাছের চারা বিতরণ করা হয়।