ঝিনাইদহ জেলা শহরের পবহাটী গ্রামে র‌্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। তারা হলো জেলা শহরের বাঘাযতিন সড়কের সাজ্জাদুল ইসলাম ও উদয়পুর গ্রামের আব্দুর রাজ্জাক।

শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। রাত ৩টার দিকে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের ডিউটি অফিসার এএসআই মো: লিটন হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

তিনি (ডিউটি অফিসার) দাবি করেছেন চেকপোস্ট চলাকালীন মোটরসাইকেলে চড়ে মাদক ব্যবসায়ীরা ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালালে আহত হন সাজ্জাদুল ইসলাম ও আব্দুর রাজ্জাক নামের দুই মাদক ব্যবসায়ী। রাতেই তাদের আহত অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরো জানিয়েছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি মোটরসাইকেল, ৫৫ বোতল ফেনসিডিল, ১৫২ পিস ইয়াবা ট্যাবলেট এবং দুই রাউন্ড গুলিসহ দুইটি শুটারগান। এ ঘটনায় আহত হয়েছেন র‌্যাবের দুইজন সদস্য।