যশোরের চৌগাছা পশুহাটে গরু কিনতে আসা দুই ব্যবসায়ী অজ্ঞান পার্টির কবলে পড়েছে। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা তাদের নিকট থেকে দেড় লক্ষাধিক টাকা ও দুটি মোবাইল সেট হাতিয়ে নিয়েছে।
অজ্ঞান পার্টির কবলে পড়া দুই ব্যবসায়ী হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের জামির হোসেনের ছেলে মিলন হোসেন (৩৫) ও শিবেনন্দপুর গ্রামের বাদল ঘোষের ছেলে গৌউর ঘোষ (৩৮)। রোববার চৌগাছা-মহেশপুর সড়কে এ ঘটনাটি ঘটেছে।
রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের মূর্তির মোড় থেকে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে তাদের স্বজনরা চৌগাছা হাসপাতালে ছুটে আসেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো করা হয়।
চৌগাছা হাসপাতালে মিলনের পিতা জামির হোসেন ও তাদের স্বজনরা সাংবাদিকদের জানান, মিলন ও তার পার্টনার গৌউর ঘোষ চৌগাছা গরুর বাজার থেকে গরু কেনার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর আমরা হাসপাতালে এসে দেখি তাদের এ অবস্থা।
স্বজনরা আরো বলেন, তাদের নিকট প্রায় দেড় লাখ টাকা ও দুটি মোবাইল সেট ছিল, অজ্ঞান পাটির সদস্যরা সেগুলো নিয়ে গেছে। তবে কখন বা কোথায় এ ঘটনা ঘটেছে তা আমাদের জানা নেই।
চৌগাছা হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত স্বাস্থ্য সহকারী আব্দুল হাই ও নুর হোসেন বলেন, এক ভ্যানচালক অজ্ঞান অবস্থায় অজ্ঞাত একজনকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসে। তাকে ভর্তি করে নেই। কিছুক্ষণ পরে আরেকজনকে হাসপাতালে নিয়ে আসেন আরেকজন ভ্যানচালক। তাকেও ভর্তি করে নেই। তবে এখানে তাদের অবস্থার অবননি হলে উন্নয়ত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়।





