নোয়াখালীর সেনবাগে ৪২ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। উপজেলার কাবিলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ডোমনাকান্দি গ্রামে র্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এসময় মাদক বিক্রির ২৫ হাজার টাকা ও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মৃত ওবায়দুল হকের ছেলে মোঃ মনিরুজ্জামান প্রকাশ পলাশ (৩৫), লক্ষ্মীপুর সদর উপজেলার হরিনারায়ণপুর গ্রামের আবদুর রউফের ছেলে মো: হাবিবুর রহমান (৩৮) ও বেগমগঞ্জ উপজেলার হাজীপুর গ্রামের মৃত আব্দুল কাইয়ুমের ছেলে মো: আবুল হাসেম (৪১)।
সোমবার রাত পৌনে ৯ টার দিকে র্যাব-১১’র সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা ও এএসপি মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে র্যাব সদস্যরা অভিযান পরিচালনা করে।
এ সময় মাদক বিক্রি ও রাখার অপরাধে নোয়াখালীর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান খান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ সালের ১৯(১) টেবিল এর ৯ (ক) নং ধারা মতে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে সাত মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামিদের মঙ্গলবার দুপুরে নোয়াখালী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





