খুলনায় নাসির সানা (৩৭) নামে এক মৎস্যজীবীর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে দাকোপ উপজেলার জয়নগর গ্রামের একটি বিল থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত নাসির জয়নগর গ্রামের আবদুর রাজ্জাক সানার ছেলে।
ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
নাসিরের পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, নাসির নিয়মিত মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। গত মঙ্গলবার বিকেলে তিনি প্রতিদিনের মত মাছ ধরার জন্য জয়নগর বিলে যান। কিন্তু রাতে বাড়ি ফেরেননি। তার স্ত্রী ও মেয়ে গতকাল বুধবার সকালে তাকে খুঁজতে বের হন। তারা বিলে গিয়ে হাত-পা বাঁধা ও গলাকাটা অবস্থায় নাসিরের লাশ দেখতে পান। লাশ মাছধরা জাল দিয়ে ঢাকা ছিল। পরে ঘটনা পুলিশকে জানানো হলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
মাছ ধরাকে কেন্দ্র করে বিলের ইজারাদারের সঙ্গে নাসির সানার বিরোধ ছিল। ইতোপূর্বে এ নিয়ে তাকে ভয়ভীতি দেখানো হয় বলে নাসিরের পরিবার সূত্র জানায়।
দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দীন চৌধুরী জানান, পূর্ব শত্রুতার জের ধরে নাসিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।