লোহাগাড়া থানা পুলিশের বিরুদ্ধে তল্লাশীর নামে নারীদের সাথে অসদাচারণ ও শ্লীলতাহানীর অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে চট্টগ্রাম বিভাগের পুলিশের ডিআইজি হাবীবুর রহমান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি/সম্পাদক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের সদস্য এডভোকেট জসিম উদ্দিন সরকার ও মোহাম্মদ আশরাফুল কবির স্বাক্ষরিত পৃথক অভিযোগ সূত্রে জানা যায়, গত ১০ জুলাই মঙ্গলবার দুপুর আড়াইটায় লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের আজগর আলী সিকদারের বাড়িতে ৩০-৩৫ জনের এক দল পুলিশ সদস্য আসে। তারা পুরো বাড়িটি ঘিরে ফেলে।
এসময় পোশাকধারী পুলিশ সদস্যদের সাথে সিভিল পোশাকে অপরিচিত কয়েকজন লোকও ছিল। বেশ কয়েকজন পুলিশ সদস্য জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে নারীদের সাথে দুর্ব্যবহার করে। তল্লাশীর নামে ঘরের অভ্যন্তরে ব্যাপক তছনছ করে।
এসময় পরিবারের নারী সদস্যরা আতংকিত হয়ে পড়ে। এটি মানবাধিকারের সুস্পষ্ট লংঘন দাবি করে পুলিশের উর্দ্ধতন মহল ও চট্টগ্রাম বারের জরুরি হস্তক্ষেপপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন আবেদনকারীরা।
এ ব্যাপারে যোগযোগ করা হলে লোহাগাড়া থানার অফিসার্স ইনচার্জ মো. সাইফুল ইসলাম দৈনিক নয়া দিগন্তকে বলেন, ধারাবাহিক কাজের অংশ হিসেবে পুলিশ বিভিন্ন জায়গায় আসামীর খোঁজে তল্লাশী চালাতে পারে। তবে কোথাও নারীর শ্লীলতাহানী বা এ জাতীয় কোনো ঘটনা ঘটেনি।





