কুয়েতে শান্তি মিশনে থাকা নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগের মো: ইসমাইল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্টঅ্যাটাকে) ইন্তেকাল করেছেন। ইসমাইল নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮ নম্বর বীজবাগ ইউপির বালিয়াকান্দি গ্রামের আলতু মিয়ার নতুন বাড়ির তোফায়েল আহম্মদের ছেলে। ইসমাইল চার ভাই ও দুই বোনের মধ্যে দ্বিতীয়। কুয়েতের স্থানীয় সময় ২০ জুলাই ভোর ৫টার সময় তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদ তার বাড়িতে পৌঁছলে শুরু হয় শোকের মাতম।
কুমিল্লা সেনানিবাসের লে. জেনারেল শাহরিয়ার ও কুয়েত মিশনে থাকা মেজর হাসানের বরাত দিয়ে তার পরিবারের সদস্য চাচা দ্বীন মোহাম্মদ এমএ জানান, তিন-চার মাস আগে পাঁচ বছরের জন্য কুয়েতে শান্তি মিশনে যোগ দেয় ইসমাইল। হঠাৎ গত শুক্রবার দুপুরে ইসমাইলের বড় ভাই ডা: মো: ইউসুফকে কুয়েত শান্তি মিশন থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানানো হয় যে শুক্রবার ভোর ৫টায় ফজরের নামাজের সময় ইসমাইলের কক্ষে একটি শব্দ হয়। এ সময় সহকর্মীরা এগিয়ে এসে দেখেন ইসমাইল তার শোয়ার সিটে বাঁকা হয়ে পড়ে আছেন। সাথে সাথে তাকে কুয়েত সরকারি হাসপাতলে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ইসমাইলের লাশ বর্তমানে কুয়েতে পুলিশ হেফজতে রয়েছে। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। আসতে আরো তিন-চার দিন সময় লাগতে পারে। এই সংবাদ আসার পর থেকে ওই পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের আহজারিতে ভারি হয়ে আসছে সারা এলাকা।