ভৈরবে সহকারী পুলিশ সুপারের লাথিতে হকার আহত ঘটনায় ১ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার দুপুরে ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার একেএম কামরুল ইসলাম তার অফিসের সামনে আচার বিক্রেতা হকার সাদেক মিয়া (৫৫) লাথি মেরে গুরুতর আহত করে। পরে পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় ভৈরব উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।

এখবরটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ ও প্রচার হলে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ এই তদন্ত কমিটি গঠন করেন। এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির কর্মকর্তা হলেন কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ শফিকুল ইসলাম। সোমবারের ঘটনায় পুলিশ বিভাগসহ ভৈরব শহরে তোলপাড় হয়ে যায়। সহকারী পুলিশ সুপারের মত একজন পুলিশ কর্মকর্তার এমন কাণ্ডে সবাই হতবাক হন। এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এলাকাবাসীর আরও নানা ধরনের অভিযোগ রয়েছে।

তদন্ত কমিটির কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) মোঃ শফিকুল ইসলাম এই প্রতিনিধিকে মোবাইলে জানান ডিআইজির নির্দেশে পুলিশ সুপার ঘটনাটি তদন্তের জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন। বুধবার ভৈরবে এসে আমি ঘটনা তদন্ত শুরু করব বলে জানান তিনি।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ মোবাইল ফোনে জানান, ঘটনাটি তদন্তের জন্য এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের পর সত্য মিথ্যা যাচাই করে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অফিসিয়ালি ব্যবস্থা গ্রহণ করা হবে।