গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি জামাল গ্রামে মঙ্গলবার ভোরে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে চিহ্নিত মাদক ব্যবসায়ী আবদুস ছালাম ওরফে ঠসা ছালাম (৪৮) নিহত হয়েছেন। এ সময় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিনসহ ৩ রাউন্ড গুলি, ২০ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা জব্দ করা হয় বলে জানিয়েছে র্যাব।
নিহত আবদুস ছালাম ওই গ্রামের মৃত সফু করাতি ওরফে সবুর আলীর ছেলে।
র্যাব-১৩ গাইবান্ধা ক্যা¤েপর সহকারী কমান্ডার এএসপি হাবিবুর রহমান হাবিব জানান, গভীর রাতে ৪-৫ জন মাদক বিক্রেতা ওই এলাকায় মাদক কেনাবেচা করছিল এমন গোপন খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা তারা র্যাবকে লক্ষ্য গুলি ছোড়ে। এসময় র্যাব আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে র্যাবের দুই সদস্য ও মাদক বিক্রেতা আবদুস ছালাম ঠসা গুলিবিদ্ধ হলেও তার সহযোগিরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় ছালামকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আবদুস ছালামকে মৃত ঘোষণা করেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস ছোবহান জানান, আব্দুস ছালাম একজন শীর্ষ ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে নিজ বাড়িতে মাদক কেনাবেচা করে আসছিল। তার বিরুদ্ধে সুন্দরগঞ্জসহ বিভিন্ন থানায় মাদকের ২৮টির অধিক মামলা রয়েছে। এর আগে আবদুস ছালাম পুলিশ ও র্যাবের হাতে গ্রেফতার হয়ে একাধিকবার কারাভোগ করেছে।









