মামলা জটিলতায় সরকারি করণ বাধাগ্রস্ত হওয়ায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। আজ বেলা ১১টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ওই সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করা হয়। বিক্ষোভ সমাবেশে কলেজের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
জানা যায়, সরকার কর্তৃক ঘোষিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এর আওতায় ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ কে জাতীয় করণ সংক্রান্ত সকল কাজ ইতো মধ্যে শেষ হয়েছে। কিন্তু প্রতিষ্ঠানটির জাতীয়করণ বাধাগ্রস্থ করতে উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের আঠারবাড়ী ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সদস্য শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর কবির গত বছরের ৬ নভেম্বর উচ্চ আদালতের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও একে.এম জহিরুল হকের বেঞ্চে একটি রিট আবেদন করেন। পরে আদালত ওই রিট আবেদেনের প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রনালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সিনিয়র সহকারী সচিব, পরিচালক শিক্ষা, উপপরিচালক শিক্ষা, ডেপুটি কমিশনার, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের অধ্যক্ষ সহ ১০জন বিরুদ্ধে এর কারণ জানতে চান।
এতে কলেজটি জাতীয়করণ সংক্রান্ত কাজ আটকে পরে। তাই ছাত্র-শিক্ষক মিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রিট আবেদন প্রত্যাহারের দবিতে বিক্ষোভ সমাবেশ করছেন। ওই রিট আবেদনটি এক বছর আগে দায়ের হলেও কলেজ কর্তৃপক্ষ বলছেন গত কয়েকদিন আগে তারা এ সংক্রান্ত নোটিশ পেয়েছেন। এতোদিন তারা এ বিষয়টি জানতেন না। গত ২আগষ্ট দেশব্যাপী ২৭১টি কলেজ কে জাতীয়করণ করে গেজেট করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এতে ২১টি কলেজের বিরুদ্ধে মামলা জনিত কারনে জাতীয়করণ স্থগিত রাখা হয়। এর মধ্যে ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজ জাতীয়করণ না হওয়ায় বিষয়টি কলেজ কর্তৃপক্ষের নজরে আসলে রিটের বিষয়টি জানতে পারেন।
দীর্ঘ দুই ঘন্টা সড়ক অবরোধের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিশ শরমিন সমাবেশ স্থলে এসে বিষয়টি নিয়ে বাদি ও কলেজ কর্তৃপক্ষ কে নিয়ে বসে সমাধানের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করা হয়। এদিকে মহাসড়কে প্রায় ২ঘন্টা ধরে চলা অবরোধে দীর্ঘ পাঁচ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ রফিকুল ইসলাম, শিক্ষক আব্দুল হেকিম, ফরিদ উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন কামাল, কলেজ পরিচালনা কমিটির সদস্য হান্নান তালুকদার, সদর ইউনিয়ন চেয়ারম্যান আবু হানিফা, কলেজের শিক্ষার্থী মশিউর রহমান কাঞ্চন, রায়হান আহমেদ বাবু, মঞ্জুর মোর্শেদ, রানা আহমেদ, সাংবাদিক আবুল কালাম আজাদ, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এদিকে আঠারবাড়ি ডিগ্রি কলেজের শিক্ষার্থীরাও কিশোরগঞ্জ-কেন্দুয়া মহাসড়কের রায়ের বাজার এলাকায় সড়ক অবরোধ করে আঠরবাড়ী ডিগ্রি কলেজকেও জাতীয়করণ করতে দাবি জানিয়েছেন বলে জানা গেছে।





