চল্লিশ হাজার টাকার জন্য রাঙ্গামাটির কাউখালীতে জয়নাল আবেদীন নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিখোঁজের এক দিন পর রোববার দুপুরে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় মাটিতে পুঁতে রাখা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার হেডম্যানপাড়া এলাকার বাসিন্দা মৃত দুলা মিয়ার ছেলে গরু ব্যবসায়ী জয়নাল আবেদীন শনিবার সকালে বাড়ি থেকে বের হন। এরপর ৪০ হাজার টাকা নিয়ে গরু সংগ্রহ করতে দুর্গম পাহাড়ে যান তিনি। দুপুর গড়িয়ে সন্ধ্যা অবধি বাড়ি না ফেরায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি করতে থাকেন। রোববার দুপুরে স্থানীয়রা বেতবুনিয়া চৌধুরীপাড়া এলাকার নির্জন স্থানে মাটিতে পুঁতে রাখা অবস্থায় কিছু একটা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। কাউখালী থানার ওসি কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে নিখোঁজ জয়নালের লাশ উদ্ধার করে।
ওসি কবির হোসেন জানান, নিহতের মাথায় অনেক আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মাটিতে পুঁতে রাখা হয়েছে। পুলিশের ধারণা সাথে টাকা থাকায় তা ছিনিয়ে নিয়ে সন্ত্রাসীরা জয়নালকে হত্যা করে লাশ গুম করার চেষ্টা করে। এ ব্যাপারে নিহত জয়নালের পরিবার বাদি হয়ে কাউখালী থানায় হত্যা মামলা করেছে।





