বগুড়ার গাবতলীতে রাতের আধাঁরে সড়কে গাছ কেটে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে খায়রুল ইসলাম (৩০) নামের এক ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তিনজন পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার সোনারায় ইউনিয়নের কুচিয়ামারী ব্রিজের কাছে এই ঘটনা ঘটে।
গাবতলী মডেল থানার ওসি খায়রুল বাসার জানান, বুধবার দিবাগত রাত আড়াইটায় কুচিয়ামারী ব্রিজ এলাকায় খায়রুলের নেতৃত্বে ৫/৭জনের একদল ডাকাত কয়েকটি গাছ কেটে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে সুখানপুকুর-সৈয়দ আহম্মেদ সড়কে টহলরত পুলিশ থানায় জানায়। এরপর পুলিশের যৌথ দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতদল এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় এসআই জাহিদ, এএসআই আওয়াল ও হাবিব নামের তিন পুলিশ আহত হয়। পুলিশও পাল্টা পাঁচ রাউন্ড গুলি ছোঁড়ে। এতে খায়রুল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে রাত ৩টা ২০ মিনিটে বগুড়া শজিমেক হাসাপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় খায়রুল আজ বৃহস্পতিবার সকাল ৬টা ২০ মিনিটে মারা যায়। ময়না তদন্তের জন্য খায়রুলের লাশ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, খায়রুল গাবতলীর রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি গ্রামের আব্দুল খালেকের ছেলে। তবে বর্তমানে তিনি উপজেলার নাড়–য়ামালা ইউনিয়নের প্রথমারছেও গ্রামে বসবাস করছিলেন। খায়রুলের বিরুদ্ধে ৩টি ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানায়।









