একদিকে প্রচণ্ড বর্ষণ অপরদিকে পদ্মার তীব্র স্রোতের তোড়ে ফরিদপুর-চরভদ্রাসন ভায়া এমপিডাঙ্গি সড়কের প্রায় একশ’ মিটার পদ্মাগর্ভে বিলীন হয়ে গেছে। এতে প্রায় ১০ হাজার মানুষ চলাচলে সমস্যায় পড়েছে। এছাড়া এমপিডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আধা পাকা ভবনসহ নবনির্মিত তিন কক্ষ বিশিষ্ট আনুভূমিক টিনের ঘর যে কোনো মুহূর্তে পদ্মাগর্ভে বিলীন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল বর্ষণের সময় ওই সড়কের ১শ’ মিটার পাকা অংশ পদ্মা নদীর গর্ভে বিলীন হয়ে যায়। ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের এমপিডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলজিইডির এই পাকা সড়কটি ভাঙ্গনে কবলে পড়ায় চরভদ্রাসন সদরের সাথে গাজিরটেক ও হরিরামপুর ইউনিয়নের প্রায় ১০ হাজার মানুষের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, হঠাৎ করেই ডাম্পিংয়ের মাধ্যমে বালির বস্তা দিয়ে নির্মিত অস্থায়ী ৫০ মিটার বাঁধ এবং এমপিডাঙ্গীর ১শ’ মিটার পাকা সড়ক নদীগর্ভে বিলীন হয়।