বরিশালের গৌরনদীতে ১৫ আগস্টের জাতীয় শোক দিবস উপলক্ষে নির্মিত তোরণের কাপড় চুরির অভিযোগে বৃহস্পতিবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ শুক্রবার রাতে ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে উপজেলার নলচিড়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহির হাওলালাদারকে (৩৫) গ্রেফতার করেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার পিঙ্গলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে গত ১ আগস্ট বিদ্যালয়ের সামনে পাকা সড়কের ওপর একটি তোরণ নির্মাণ করা হয়। গত ২১ আগস্ট রাতে কে বা কারা ওই তোরণটির প্রায় ১৫ হাজার টাকা মূল্যের কাপড় খুলে নিয়ে যায়। এ ঘটনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো: রফিকুল ইসলাম রাজা বাদি হয়ে অজ্ঞাতনামাদেরকে আসামি করে গত ২৩ আগস্ট গৌরনদী মডেল থানায় একটি মামলা করেন। পুলিশ শুক্রবার রাতে ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে উপজেলার নলচিড়া ইউনিয়ন যুবদলের সভাপতি জহির হাওলালাদারকে (৩৫) গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া যুবদল সভাপতি জহির হাওলাদার জানান, গত তিন বছর ধরে তিনি রাজনীতি থেকে দূরে আছেন। নিজের বাড়িতে তিনি একটি পোলট্রি ফার্ম করেছেন এবং পিঙ্গলাকাঠি বাজারে একটি পোলট্রি ফিডের দোকান দিয়ে ব্যবসায় ব্যস্ত থেকে সময় পাড় করছেন। তিনি তোরণের কাপড় চুরির ব্যাপারে কিছুই জানেন না। পুলিশ তাকে দোকান থেকে ডেকে এনে গ্রেফতার করেছে।
অপর দিকে তোরণের কাপড় চুরির ঘটনাকে একটি সাজানো নাটক হিসেবে আখ্যায়িত করে নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো: জামাল ফকির বলেন, আমরা খোঁজ নিয়ে জেনেছি সম্প্রতি ভারী বাতাসে তোরণের কাপড়ের একটি পার্ট খুলে ঝুলে পড়ে। তখন স্কুলের ছেলেমেয়ে ও স্থানীয় শিশু-কিশোরেরা ওই কাপড় ধরে খেলার ছলে টানাটানি করছিল। এ ঘটনা দেখে তোরণটি নির্মাণকারী ডেকোরেটর মালিক সেন্টু এসে তোরণের কাপড় খুলে নিয়ে যায়।
আসলে তোরণের কাপড় চুরির কোনো ঘটনাই ঘটেনি। স্থানীয় বিএনপির নেতাকর্মীদের রাজনীতির মাঠ থেকে দূরে রাখার কৌশল হিসেবে তোরণের কাপড় চুরির মিথ্যা গল্পটি সাজানো হয়েছে।