পিরোজপুরে বন্ধুকযুদ্ধে জাকির হোসেন (৪৫) নামের এক ডাকাত সরদার নিহত হয়েছে। ইন্দুরকানী থানার ওসি শেখ নাসিরউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে খুলনা এলাকা থেকে জাকির হোসেন নামে এক শীর্ষ ডাকাত সরদারকে আটক করে পিরোজপুর ডিবি পুলিশের একটি দল। তার দেয়া তথ্যানুযায়ী গতকাল শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের সময় ইন্দুরকানী উপজেলার পত্তাসী ইউনিয়নের বটতলা এলাকার তিনরাস্তা সংলগ্ন স্থানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে গেলে জাকির হোসেনের সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

ডাকাত সরদারের সঙ্গীরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে ডিবি পুলিশ পাল্টা গুলি চালায়। এসময় ডাকার সরদার জাকির পালাতে গেলে ডিবি পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়।

সেখান থেকে নিহত জাকির হোসেনকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

ঘটনাস্থল থেকে ডিবি পুলিশ ১টি পাইপগান, ৫ রাউন্ড গুলি, ১টি দেশী দাওসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে।

নিহত ডাকাত সরদার জাকির পিরোজপুর জেলার কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের ফজলুল হকের পুত্র। তার বিরুদ্ধে ডাকাতি, সন্ত্রাসী, অস্ত্র মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।