ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘিরপাড় ইছামতি নদীতে বর্ণিল সাজে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে দিঘিরপাড় নওমোজাহিদ ক্লাবের উদ্যোগে মরহুম আবু বকর খান মজলিশ চুন্নু স্মরণে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।

বাইচে নানা রং মেখে ও সং সেজে ইঞ্জিনচালিত ট্রলার ও নৌকা নিয়ে হাজির হয়েছিলেন দর্শকরা। দর্শকের টান টান উত্তেজনার মধ্যেই নৌকার বাইচাররা হাঁক দিলেন হেঁইয়ো-রে হেঁইয়ো। দর্শকদের হর্ষধ্বনি আর হাততালি বাড়তি উৎসাহ যোগায় নৌকার মাঝিদের।

এ সময় ইছামতি নদী ঘেঁষে বাগমারা থেকে বলমন্তচর শুরগঞ্জ দিঘিরপাড় ও বক্সনগর পর্যন্ত গ্রামগুলোর দুইপাড়ে লোকে লোকারণ্য হয়ে উঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ দেখতে। আর নৌকা বাইচকে কেন্দ্র করে নদীর পাড় ঘেঁষে ও সড়কে বসে ঐহিত্যবাহী গ্রাম্য মেলা।

বাইচে নবাবগঞ্জ ও পার্শ্ববর্তী মুন্সিগঞ্জ জেলা থেকে শাহজালাল, আব্দুল খালেক, সোনার বাংলা, হাজার তরী, জয় বাংলা, সোনার চাঁদ, মধু মাঝি, খান বাড়িসহ নানান নামের ৮-১০টি ঘাসী নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘিরপাড় নওমোজাহিদ ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম লিটন। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য অ্যাড. নুরে আলম উজ্জ্বল, বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়াম্যান আ: ওয়াদুদ মিয়া, সেলিম তালুকদার, নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো: পলাশ, সাবেক চেয়ারম্যান ও অনুষ্ঠানের উদ্বোধক মাসুদ খান মজলিশ প্রমুখ।

বাইচ শেষে প্রতিযোগীদের মধ্যে প্রথম পুরস্কার মোটরসাইকেল, দ্বিতীয় ফ্রিজ ও তৃতীয় ২১ ইঞ্চি কালার টেলিভিশনসহ নানা পুরস্কার দেয়া হয়।