শরীয়তপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে মো: সুমন পাহাড় (২৬) এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি পৌরসভার উত্তর বালুচরা গ্রামের মৃত এসকান বাহাড়ের ছেলে।

গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান জানান, গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে কতিপয় মাদক ব্যবসায়ী পালং-ছয়গাঁও ফাঁকা রাস্তার পাশে একটি বাগানে মাদকদ্রব্য ভাগবাটোয়ারা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো: আজহার আলীর নেতৃত্বে ডিবি ও পালং থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে ককটেল ও গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে সুমন পাহাড়ের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।

ঘটনাস্থল থেকে ৫১টি ইয়াবা, এক কেজি গাঁজা, ছয়টি ককটেল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

ওসি আরো জানান, নিহত সুমন পাহাড় একজন চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদকের ১১টি মামলা রয়েছে।