নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। এসময় পুলিশের দুই সদস্যসহ তিনজন আহত হয়েছেন। নিহত ডাকাতের নাম মোবারক হোসেন (৪০)।
বৃহস্পতিবার ভোর সোয়া চারটার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত মোবারক হোসেন পিরোজপুর ইউনিয়নের প্রতাবেরচর গ্রামের হাজী ইয়াছিন মিয়ার ছেলে। পুলিশ বলছে, নিহতের বিরুদ্ধে সোনারগাঁও থানাসহ বিভিন্ন থানায় প্রায় ১০টি মামলা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম পিপিএম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর ব্রিজের পশ্চিম পাশে ১০-১২ জনের একদল ডাকাত মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে ওসির নেতৃত্বে পুলিশে তিনটি টিম আষাঢ়িয়ারচর ব্রিজ এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশের উপর গুলি চালায়। পুলিশও পাঁচ রাউন্ড পাল্টা গুলি ছুড়লে ডাকাত দল পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ঘিরে ফেলে। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত মোবারক হোসেন ও বাবু ওরফে টেরা বাবুসহ আরো ৭ ডাকাতকে গ্রেফতার করা হয়।
ডাকাতদের সাথে গুলি বিনিময়কালে পুলিশের সহকারী উপ-পরিদর্শক এএসআই নারায়ণ চন্দ্র দাস ও পুলিশ কনস্টেবল মুমিনুর রহমান আহত হয়। আহত পুলিশ সদস্য ও ডাকাতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় ডাকাত মোবারক হোসেন মারা যায়।
গ্রেফতারকৃত অপর ডাকাত সদস্যরা হলেন- রহমত উল্লাহ, বাবু, শরীফ, রানা, বাবু ওরফে টেরা বাবু, হৃদয়। পুলিশ দুটি গুলিসহ ওয়ান শুটার অস্ত্র উদ্ধার করে। গ্রেফতারকৃত ডাকাতদের বাড়ি সোনারগাঁও উপজেলার বিভিন্ন এলাকা।
ওসি আরো জানান, নিহত ডাকাতের বিরুদ্ধে সোনারগাঁও থানাসহ বিভিন্ন থানায় প্রায় ১০টি ডাকাতি মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।









