নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে সেলিম (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছেন আবদুল্লাহ (২০) নামের আরো এক শ্রমিক।
গতকাল ভোরে ফতুল্লার দক্ষিণ শিহাচর লালখাঁ খানকার মোড় এলাকায় আল নাসির ওয়াশিং ডাইং নামের ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই কারখানার গেটে তালা দিয়ে আত্মগোপন করে মালিক পক্ষ।
নিহত সেলিম মুন্সীগঞ্জের সিরাজদীখান থানার রোশনিয়া এলাকার বাবুল খানের ছেলে। তিনি লালখার জনৈক রফিকের বাসায় ভাড়ায় বসবাস করতেন। গতকাল সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বয়লার বিস্ফোরণের পরপরই কারখানার অন্যান্য শ্রমিক ও স্থানীয় লোকজন সেলিম ও আব্দুল্লাহ নামে দুই শ্রমিককে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। এদের মধ্যে সেলিমের অবস্থা আশঙ্কাজনক ছিল।