ময়মনসিংহের নান্দাইলে সৌদি প্রবাসী বিএনপি নেতা এ কে এম রফিকুল ইসলামকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে সৌদি প্রবাসী এ কে এম রফিকুল ইসলাম ঢাকা থেকে ব্যক্তিগত গাড়িতে নান্দাইলের নিজ বাসায় আসছিলেন। তিনি বাসার সামনে পৌঁছতেই পুলিশ তার গাড়ি থামায় এবং তাকে থানায় যেতে বলে। এ সময় তিনি তার নামে কোনো মামলা আছে কি না জানতে চান। এ নিয়ে বাগি¦তণ্ডার সময় পুলিশ তাকে টেনে হিচড়ে গাড়ি থেকে নামিয়ে থানায় নিয়ে যায়।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে বৃহস্পতিবার দুপুরে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সাথে একটি মতবিনিময় সভা ডেকেছিলেন তিনি। মতবিনিময় সভা করতেই তিনি ঢাকা থেকে নান্দাইল আসেন। আটকের পর পুলিশ তাকে ময়মনসিংহ নিয়ে যায়।
এ বিষয়ে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাকের হোসেন সিদ্দিকী জানান, এ কে এম রফিকুল ইসলাম নাশকতার পরিকল্পনা করছিলেন বলে খবর পেয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার তাকে আটকের কথা জানিয়ে বলেন, সৌদি প্রবাসী এ কে এম রফিকুল ইসলাম সৌদি আরব পুর্বাঞ্চল বিএনপির সভাপতি। তিনি তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।





