ফতুল্লার পাগলায় দিনদুপুরে পুলিশ সদস্যকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে পাগলা মুন্সিখোলা পুলিশ চেকপোস্টে একটি বাসে তল্লাশি করতে গেলে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ পুলিশ কনস্টেবল মো: সোহেলকে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সময়ে পাগলা চেকপোস্টে কর্তব্যরত ফতুল্লা মডেল থানার এসআই মোর্শেদ আলম জানান, নারায়ণগঞ্জগামী যাত্রীবাহী বোরাক বাস পাগলা চেকপোস্টের সামনে পৌঁছলে বাসটিতে তল্লাশি করা হয়। এ সময় অজ্ঞাত তিনজনের মধ্যে একজন সন্ত্রাসী আচমকা পিস্তল দিয়ে পুলিশের দিকে গুলি ছোড়ে। এতে সোহেল নামে একজন কনস্টেবল আহত হন। পুলিশও পাল্টাগুলি ছোড়ে। তবে সন্ত্রাসীরা রাস্তায় থাকা মোটরসাইকেলে পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তারা কেউ পালিয়ে বাঁচতে পারবে না।