বিদ্যুৎ সঞ্চালন লাইন টানতে গিয়ে বরিশালের উজিরপুরে মোঃ বেল্লাল হোসেন (২০) নামে এক শ্রমিকের নির্মম মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় উপজেলার দত্ত্বেশ্বর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত বেল্লাল যশোরের কেশবকাঠী এলাকার মৃত মোঃ হান্নানের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দত্ত্বেশর গ্রামে শুক্রবার সকালে পল্লী বিদ্যুতের ঠিকাদার মোঃ রফিকের নিয়োজিত শ্রমিকরা পল্লী বিদ্যুতের নতুন সঞ্চালন লাইনের কাজ করছিলেন। এক খুঁটি থেকে অন্য খুঁটিতে সঞ্চালন লাইন নেয়ার সময় পার্শ্ববর্তী একটি বাড়ির বিদ্যুৎ সংযোগের লাইনে ওই ক্যাবলের স্পর্শ হয়।
এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক বেল্লাল নিচে পড়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় বেল্লালকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোঃ শামসুদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল বলেন, এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি চলছে।








