কুষ্টিয়ায় জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে বর্জনের ডাক দিয়েছেন স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীরা। আর এর প্রতিক্রিয়ায় স্থানীয় জাসদ বলেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় জাসদকে এক আসনে যদি আওয়ামী লীগের নেতারা হারায়, তাহলে সারা দেশে ৪০ আসনে আওয়ামী লীগকে হারিয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে জাসদ নেতারা।
বুধবার ঈগল চত্বরে উপজেলা জাসদের উদ্যোগে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় জাসদ নেতারা এ হুঁশিয়ারি দেন।
মিরপুর উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় নেতা মহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, ‘মিরপুর-ভেড়ামারায় জাসদের সংসদ সদস্য রয়েছে, তাই শুধু মিরপুর ভেড়ামারায় জাসদ রয়েছে এ কথা ঠিক নয়। রংপুর, বগুড়া, গাইবান্ধা, সিরাজগঞ্জসহ সারা দেশে জাসদ রয়েছে। জাসদ সাধারণ মানুষের দল, শ্রমিকের দল। এ জাসদকে হারানোর মতা কোনো জোয়ার্দ্দারের নেই, কোনো মেয়রের নেই, কোনো চাঁদাবাজের নেই।’
স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি এক আসনে আমাদের হারাবেন? এক আসনে হারালে আমরা আপনাদের ৪০ আসনে হারিয়ে দেবো। গত ২৮ অক্টোবর (রোববার) মিরপুর-ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের যৌথ উদ্যোগে নেতারা কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে ইনুকে বর্জনের বক্তব্য রাখেন। এরপর থেকেই জাসদ ও আওয়ামী লীগের মধ্যে চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে।
আরো পড়ুন : ইনুকে বর্জনের দাবিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সভা
কুষ্টিয়া সংবাদদাতা, ৩০ অক্টোবর ২০১৮
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে বর্জনের দাবিতে কুষ্টিয়ার মিরপুর ও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ যৌথসভা করেছে।
গত রোববার দিনব্যাপী মিরপুর উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। দুই উপজেলার কয়েক শত আওয়ামী লীগ নেতাকর্মীর উপস্থিতিতে সভায় মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ ভেড়ামারা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মিঠু, সহসভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শামিমুল ইসলাম ছানা, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম রানা, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, রবিউল হক রবি, জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, মিরপুর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মালিথা, ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু প্রমুখ।
ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজু বলেন, ‘গণবাহিনীর ও জাসদের নেতা হাসানুল হক ইনুর বিরুদ্ধে আমাদের লড়াই। তাকে হারিয়ে এই ভেড়ামারা-মিরপুরে আওয়ামী লীগের সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য আমাদের এ লড়াই।’ আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম রানা বলেন, ‘যে নৌকায় ভোট দিলে ইনু এমপি হবে আমরা সেই নৌকায় ভোট দেবো না। আমরা চাই জাসদের ইনু না আওয়ামী লীগের এমপি।’
জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম বলেন, ‘মিরপুর-ভেড়ামারায় ইনু সাহেব আজ মাঠে-ঘাটে-গ্রাম-পাড়া ও মহল্লায় আওয়ামী লীগকে নিঃশেষ করে তার জাসদ কায়েম করার পাঁয়তারা করছেন। যে নির্যাতন চালাচ্ছেন তার প্রতিকার দরকার।’ ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি শামিমুল ইসলাম ছানা বলেন, ‘আজকে হাসানুল হক ইনুর গুন্ডা বাহিনীর বিরুদ্ধে মিরপুর-ভেড়ামারার আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হয়েছে।’ ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মিঠু বলেন, ‘আমরা জাসদ নয়, আওয়ামী লীগের এমপি চাই। প্রয়োজনে আমরা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী দিয়ে জাসদের পরাজয় নিশ্চিত করবো।’
সভাপতির বক্তব্যে মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম বলেন, ‘মিরপুর-ভেড়ামারায় যারা ইনুর পক্ষে নির্বাচন করবে আমরা তাদের দল থেকে বহিষ্কার করবো।’
যৌথ সভায় মিরপুর ও ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের সভাপতি ও সম্পাদকেরা উপস্থিত ছিলেন।









