আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে ধানের শীষের হাল ধরতে চান ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক।
খন্দকার আবু আশফাক বলেন, এবার ঐক্যজোটের পক্ষ থেকে তাকে মনোনয়ন দেয়া হলে এ আসন থেকে বিপুল ভোটে ধানের শীষ বিজয় লাভ করবে।
মনোনয়ন ফরম সংগ্রহ করার পর এক প্রতিক্রিয়ায় তিনি আরো জানান, দীর্ঘ সময় ধরে বিএনপি ক্ষমতার বাইরে রয়েছে। এসময় জেল জুলুম, পুলিশি নির্যাতন ও গায়েবী মামলার শিকার হওয়া শত শত নেতাকর্মীকে আর্থিকভাবে ও আইনি সহায়তা দিয়ে নেতাকর্মীদের পাশে থেকেছি। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সংগঠিত রাখতে পুলিশি হুলিয়া উপেক্ষা করে রাজপথে নেতৃত্ব দেয়ায় দোহার-নবাবগঞ্জে বিএনপি তথা নেতাকর্মীদের তার উপর আস্থা রয়েছে বলে তিনি মনে করেন।
আশির দশকের পর থেকে একটানা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে আসনটি ছিল বিএনপির কব্জায়। তবে ২০০৮ সালের নির্বাচনে বিএনপির বর্তমান ভাইস চেয়ারম্যান সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের কাছে পরাজয়ের মধ্য দিয়ে এ আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যায়। এরপর থেকে বিএনপির শীর্ষ নেতা আব্দুল মান্নানকে দোহার-নবাবগঞ্জে বিয়ে, কুলখানি ছাড়া কোনো রাজনৈতিক অনুষ্ঠানে তার তেমন উপস্থিতি দেখা যায়নি। তার নিস্ক্রিয়তায় সক্রিয় হয়ে নেতাকর্মীদের মধ্যে বেশ ভালো অবস্থান তৈরি করেন খন্দকার আবু আশফাক।
দলীয় নেতাকর্মীরা জানান, সরকারবিরোধী আন্দোলন ও রাজপথে লড়াই সংগ্রামে ঢাকা জেলা বিএনপি সভাপতি খন্দকার আবু আশফাকের নেতৃত্ব তুলনাহীন। তাকে এবার মনোনয়ন দেয়া হলে এ আসন থেকে বিপুল ব্যবধানে বিএনপিকে জয় এনে দিয়ে আসনটি পুনরুদ্ধার করা সম্ভব হবে।





