বগুড়ার আদমদীঘিতে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামের (৫৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও মন্দিরপুকুর গ্রামের মৃত সখিন আলীর ছেলে।
গতকাল বেলা ১১টায় পাশের কানচনপুর গ্রামের একটি ধানক্ষেত থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। আদমদীঘি থানা পুলিশ জানায়, নিহত নজরুল ইসলাম গত শুক্রবার সন্ধ্যায় তার ছেলেকে সাথে নিয়ে চাঁপাপুর বাজারে যান। বাড়ির জন্য কেনাকাটা শেষে ছেলেকে পাঠিয়ে দেয়ার পর রাতে তিনি আর ফেরেননি। গত শনিবার বেলা ১১টায় বাড়ি থেকে কিছু দূরে লোকজন কানচনপুর গ্রামের জমিতে ধান কাটতে গেলে গলা কাটা লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। লাশ উদ্ধারের পর জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম এলাকায় অনুসন্ধান শুরু করেছে।
আদমদীঘি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, নজরুল চাঁপাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক।
আদমদীঘি থানার ওসি মনিরুল ইসলাম জানান, নিহত নজরুলের নামে থানায় মাদকের দু’টি মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন। তিনি বলেন হত্যাকাণ্ডের কোনো কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এলাকাবাসী জানান, স্থানীয় একটি খাস পুকুর নিয়ে নজরুলের সাথে বিরোধ ছিল। গলা কেটে হত্যার ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।