বরিশালের গৌরনদীতে দৈনিক নব অভিযান ও দৈনিক বরিশালের আলো পত্রিকার স্থানীয় প্রতিনিধি মেহেদী হাসান ও তার ভাই সিঙ্গাপুর প্রবাসী ইয়ামিন রাব্বীর ওপর হামলা চালিয়েছেন স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা।
হামলায় গুরুতর আহত ইয়ামিন রাব্বীকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ও মেহেদী হাসানকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
মেহেদী হাসান জানান, তিনি ও তার ভাই ইয়ামিন রাব্বী বুধবার মোটরসাইকেলে গৌরনদী বাসস্ট্যান্ডের একটি মিষ্টির দোকানের সামনে আসেন। এ সময় গৌরনদী পৌর যুবলীগ নেতা মামুন মিয়া ও রাশেদ হাওলাদারের নেতৃত্বে একদল যুবলীগকর্মী লাঠি নিয়ে তাদের ওপর অতর্কিতে হামলা চালায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ইয়ামিন রাব্বীর অবস্থা বেগতিক দেখে চিকিৎসকেরা তাকে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। আর সাংবাদিক মেহেদী হাসানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। গৌরনদী প্রেস ক্লাব নেতারা এক জরুরি সভায় ঘটনায় জড়িতদের গ্রেফতার করে উপযুক্ত বিচার দাবি করেন।