নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মুনতাহা স্টিল মিলে গরম লোহা গায়ে পড়ে দগ্ধ শ্রমিকদের মধ্যে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জনের মধ্যে দুইজন মারা যান। নিহত দুই শ্রমিকের নাম মাসুম ও নয়ন।
নিহত মাসুম বগুড়ার সোনাতলা উপজেলার রানীপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আর নয়ন মুন্সীগঞ্জ জেলার আব্দুর রশিদ ঢালীর ছেলে। নিহত দুইজন শ্রমিকেরই শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের এএসআই আবদুল খান দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোনারগাঁওয়ে স্টিলমিলে দগ্ধ ব্যক্তির সংখ্যা ছিল ১৩ জন। এদের মধ্যে গুরুতর আহত মাসুম ও নয়ন মারা গেছেন। শুক্রবার দিনগত রাত ২টায় মাসুম ও রাত সাড়ে ৩টার দিকে নয়ন মারা যান। দগ্ধ বাকি শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের বৈরিবাড়ি এলাকায় অবস্থিত মুনতাহা স্টিল মিলে রড তৈরির জন্য লোহা গলানোর সময় গলিত লোহা গায়ে পড়ে ১৩ জন শ্রমিক দগ্ধ হন। দগ্ধ অন্যান্য শ্রমিকরা হলেন মানিক (২৬), শাকিল(২৬), জাফর (২৫), রূপক (২০), সুজন (২৮), আরিফ (২৩), রানা(২২), সজিব(২৫), সালাউদ্দিন(২৬), গোপাল মন্ডল(২৭), কবির(৩৫)।









