দক্ষিণ আফ্রিকায় শ্বাস রোধ করে আবদুর রহিম (২৭) নামে এক বাংলাদেশীকে হত্যা করেছে ওই দেশের সন্ত্রাসীরা। শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১১টায় প্রিটোরিয়ার সহানবাগ এলাকায় ওই হত্যার ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের ফকিরহাট এলাকার বছর উদ্দিন মুন্সিবাড়ীর মরহুম ওলি উল্যার ছেলে। চার ভাই ও এক বোনের মধ্যে আবদুর রহিম সবার ছোট।
সূত্রে জানা গেছে, বাংলাদেশ সময় বেলা ১১টায় আবদুর রহিম নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বের হওয়ার সময় একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এ সময় তারা পেছন থেকে রহিমের মাথাসহ মুখমণ্ডল পলিথিন দিয়ে পেঁচিয়ে তাকে শ্বাস রোধ করে হত্যা করে। পরে তারা রহিমের দোকান থেকে মালামাল ও অর্থ লুট করে নিয়ে যায়।
নিহতের পরিবারের বরাত দিয়ে ছিদ্দিক উল্যাহ নামে তার এক প্রতিবেশী জানান, বড় দুই ভাই আফ্রিকা থাকার সুবাদে পাঁচ-ছয় বছর আগে ওই দেশে যায় রহিম। পরে ভাইদের সাথে প্রিটোরিয়ার সহানবাগে ব্যবসা চালু করেন তিনি। এবার ছুটিতে দেশে এসে বিয়ে করার কথা ছিল তার।
এ দিকে, শুক্রবার দুপুরে রহিমের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। রহিমের লাশ দেশে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে তার পরিবার।





