নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে একটানা তৃতীয় বারের মতো নৌকার মাঝি হলেন বর্তমান সাংসদ ইসরাফিল আলম। রোববার কেন্দ্রীয় ঘোষণার পর এ উপলক্ষে এলাকায় মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর পরই আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এমপি’র পক্ষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারেক মোল্লা জানান, কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষনা করা হয়েছে। এতে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে বর্তমান এমপি মো: ইসরাফিল আলম এর নাম ঘোষণা করা হয়। চুড়ান্ত মনোনয়ন তালিকার ঘোষণা টিভি চ্যানেল ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ মিছিল এবং মিষ্টি বিতরন করেন। এছাড়া দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে এমপি ইসরাফিল আলমের পক্ষে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারেক মোল্লা রাণীনগর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন।

উল্লেখ্য, এই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মোট সাত জন দলীয় মনোনয়ন উত্তোলন করেন। এর মধ্যে বর্তমান এমপি ইসরাফিল আলমকে তৃতীয় বারের মতো চুড়ান্তভাবে মনোনিত করে নাম ঘোষণা করা হয়।