গোপন বৈঠকের সময় রাঙ্গামাটির কাউখালী থেকে ২০১৪ সালের বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ইউপিডিএফ নেতাসহ চারজনকে আটক করেছে যৌথবাহিনী। গত রোববার রাত ১টায় কাউখালী কলেজ এলাকা একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার বড় নাভাঙ্গা এলাকার যতিন চাকমার ছেলে সমরেশ ওরফে সম্রাট চাকমা (২৭), কলাবুনিয়া গ্রামের শশিভুষণ চাকমার ছেলে ম্যানশন চাকমা (২২), ছোট নাভাঙ্গা গ্রামের জ্যোতিময় চাকমার ছেলে এডিশন চাকমা (১৮) এবং পোড়াপাড়া এলাকার লক্ষ্মীধন চাকমার ছেলে লিটন চাকমা (৩২)। এদের মধ্যে আটক লিটন চাকমা এনজিও সংস্থা সিসিডিআর থেকে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ মামলায় জামিনে রয়েছেন।
পুলিশ জানায়, ২০১৪ সালে রাঙ্গামাটি কোতয়ালি থানার বিস্ফোরক মামলা (নং ২৬৩/১৪) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ও ইউপিডিএফের পরিচালক সমরেশ চাকমা (সম্রাট) নেতৃত্বে একটি গ্রুপ কাউখালী কলেজ এলাকায় একটি বাড়িতে গোপন বৈঠক করছিল। খবর পেয়ে রাত ১টায় যৌথবাহিনী কলেজ এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।





