আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৩৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামানের কাছে তা জমা দেয়া হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা মো: মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।
রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্র জানিয়েছে, পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া নিয়ে গঠিত ফেনী-১ নির্বাচনী এলাকায় ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে এ আসনে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ সম্পাদক রেহানা আক্তার রানু। এ আসনে অন্যদের মধ্যে রয়েছেনÑ জাসদ সাধারণ সম্পাদক বর্তমান সংসদ সদস্য শিরীন আখতার, বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ যুবদল সভাপতি মুন্সি রফিকুল আলম মজনু ও ছাগলনাইয়া উপজেলা বিএনপির সভাপতি নুর আহম্মদ মজুমদার, গতবারের আওয়ামী লীগ প্রার্থী জেলা আ’লীগ সহসভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, জেলা আ’লীগ সদস্য ও ঢাকাস্থ ফেনী সমিতির সভাপতি শেখ আবদুল্লাহ, খেলাফত আন্দোলনের আনোয়ার উল্লাহ ভূঞা, গণঐক্যের প্রার্থী এ টি এম গোলাম মাওলা চৌধুরী, বিএনএফের শাহরিয়ার ইকবাল, ইসলামী আন্দোলনের প্রার্থী কাজী গোলাম কিবরিয়া, ইসলামী ফ্রন্টের কাজী মাওলানা নুরুল আলম, স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান, আবুল বাশার চৌধুরী, তারেকুল ইসলাম।
জেলা সদরের আসনে বর্তমান সংসদ সদস্য আ’লীগ প্রার্থী নিজাম উদ্দিন হাজারী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে বিএনপি প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবদীন ভিপি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমেদ মিস্টার মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া ইসলামী আন্দোলন প্রার্থী নুরুল করিম বেলালী, নজরুল ইসলাম, জসিম উদ্দিন মনোনয়নপত্র জমা দেন।
ফেনী-৩ আসনে জাতীয় পার্টি প্রার্থী লে. জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী, বিএনপি মনোনীত দলের জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি ও দাগনভূঞা উপজেলা সভাপতি আকবর হোসেন, বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ, গতবারের মহাজোট প্রার্থী আনোয়ারুল কবির (রিন্টু আনোয়ার), গতবারের আ’লীগ প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার ও তার ছেলে স্বতন্ত্র প্রার্থী ইসতিয়াক আহমেদ সৈকত, জেএসডির যুগ্ম সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাসদ প্রার্থী হারাধন চক্রবর্তী, বিএনএফের শাহরিয়ার ইকবাল, ইসলামী আন্দোলনের আবদুর রাজ্জাক, হাসান আহম্মদ, গোলাম হোসেন, মো: মাঈন উদ্দিন।