ঢাকা-ভাটিয়াপাড়া-কালনা ও যশোর-খুলনা সড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া থেকে কালনা ফেরিঘাট পর্যন্ত দুই কিলোমিটার রাস্তায় বালু ব্যবসায়ের কারণে পথচারীসহ চলাচলকারী যানবাহন ভোগান্তির শিকার হচ্ছে।
সরেজমিন দেখা গেছে, ঢাকা-ভাটিয়াপাড়া-কালনা ও যশোর-খুলনা সড়কের গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গোলচত্বর থেকে কালনা ফেরিঘাট পর্যন্ত দুই কিলোমিটার রাস্তার দুই পাশে অর্ধশত বালু ব্যবসায়ী দীর্ঘদিন অবৈধভাবে সরকারি রাস্তা দখল করে বালুর ব্যবসা করছে। এ জন্য তারা চাতালও তৈরি করেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই সড়কে চলাচলকারী যানবাহন ও সাধারণ মানুষ। ওই দুই কিলোমিটার রাস্তার দুই পাশে বালুর চাতালে রাস্তার অর্ধেক জায়গা দখল করে রেখেছে। তা ছাড়া প্রতিনিয়তই কার্পেটিং রাস্তার অর্ধেক জায়গা দখল করে বালুবাহী ট্রাকগুলো লোড-আনলোড করে। ফলে এই সড়কে চলাচলকারী শত শত বাস, ট্রাক, পিকআপ, মোটরসাইকেল, ভ্যান রিকসাসহ বিভিন্ন যানবাহন চলাচলে ভোগান্তির শিকার হচ্ছে। দীর্ঘদিন এমন অবস্থা চলতে থাকলেও গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এ ব্যাপারে গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার শরিফুল আলম বলেন, বিষয়টি জেলা আইনশৃঙ্খলা সভায় তুলেছি। সামনের সভায় আবারো বিষয়টি তুলব। অবস্থা দেখে মনে হয় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হলেও যেন দেখার কেউ নেই।